উখিয়ায় অগ্নিকাণ্ড: ৩ রোহিঙ্গার মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১০:৩৮
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২০), মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও রেজাবুলের ছেলে আয়াছ (২২)। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ নিয়ে উখিয়ার কুতুপালং বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, “ভোররাতে কুতুপালং বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে উখিয়ার ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ১০-১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইমদাদুল হক।
তিনি বলেন, “উখিয়ার কুতুপালং বাজারে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা রোহিঙ্গা দোকান কর্মচারি বলে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা দোকানের ভেতরেই ঘুমাচ্ছিল। তবে তদন্ত না করে নিশ্চিত বলা সম্ভব নয়।”

