বঙ্গবন্ধু কাবাডি: ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-কেনিয়া
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৫৯
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে মুখোমুখী হতে যাচ্ছে বাংলাদেশ এবং কেনিয়া। জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার কোয়ালিফাইং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে কেনিয়া। শুক্রবার সন্ধ্যা ৭টায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ।
টানা চার জয়ে ফাইনালে ওঠার পথে কেনিয়াকে রাউন্ড রবিন লিগের ম্যাচে ৩২-২৯ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।
দল দারুণ ছন্দে থাকায় ফাইনাল নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ সাজুরাম গয়াত। “পাঁচ জাতির এ টুনামেন্টে চমৎকার ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই অসাধারণ খেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও শতভাগ সাফল্য পাবে বলে আমি আশাকরি।” বলেন তিনি।
“আমার বিশ্বাস বাংলাদেশই এ আসরে শিরোপা জিতবে। ইতোমধ্যে প্রতিপক্ষের যেসব দুর্বলতা রয়েছে, সেগুলোর ভিডিও ফুটেজের মাধ্যমে সেগুলো খেলোয়াড়দের দেখানো হয়েছে। একই সঙ্গে নিজেদের ভুলক্রটিগুলোও শুধরে নিয়েছি আমরা।”

