রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল

রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৪:২০

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে। মাতেউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানের এই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বড় জয় পেলেই একদম নির্ভার থেকে মাঠ ছাড়তে পারেনি ক্যানারিনহারা। প্রথমার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন দলের গুরুত্বপূর্ণ তারকা রাফিনিয়া।

ব্রাজিলের জয়ের আনন্দের মাঝেও রাফিনহার চোট নিয়ে উদ্বেগই এখন মূল আলোচনায় পরিণত হয়েছে। ম্যাচের ৪০তম মিনিটে বার্সেলোনার এই উইঙ্গার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন এবং তাকে বদলি করা হয় বর্নমাউথের তরুণ রায়ানের সঙ্গে। এই মৌসুমে আগে থেকেই তার হ্যামস্ট্রিং সমস্যার ইতিহাস থাকায় উদ্বেগ আরও বেড়েছে। ব্রাজিলের মেডিকেল স্টাফ এখন ইনজুরির প্রকৃত অবস্থা যাচাই করবে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, তিনি এখনও ইনজুরির তীব্রতা সম্পর্কে নিশ্চিত নন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রাফিনিয়াকে আগামীকাল পরীক্ষা করা হবে, এখনই আমরা জানি না কী হয়েছে।’

মিডফিল্ডার লুকাস পাকেতাও সতীর্থের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই চিন্তিত। আশা করি এটা গুরুতর কিছু নয়। এখনও কিছু জানা যায়নি, তাকে পরীক্ষা করাতে হবে।’

পরবর্তীতে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল এক বিবৃতিতে জানায়, ‘রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। খেলোয়াড়টির ইতিমধ্যে চিকিৎসা শুরু করা হয়েছে এবং তাকে পুনর্মূল্যায়ন করা হবে। আমরা আরও তথ্য পাওয়া গেলে আপনাদের জানাবো।’

রাফিনিয়ার এই চোট ব্রাজিলিয়ানদের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। তার চোট কতটা গুরুতর তা পরীক্ষানিরীক্ষার পরই জানা যাবে। তবে বাস্তবতা বলছে, এই ধরনের হ্যামস্ট্রিং সমস্যা থেকে সেরে উঠতে সাধারণত ৩–১০ দিন বা তার বেশি সময়ও লাগতে পারে। পুরো ব্যাপারটা নির্ভর করছে ইনজুরির গ্রেডের ওপর।

গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচটি আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। অর্থাৎ খেলার মতো ফিট হয়ে ওঠার জন্য মাত্র ৪ দিন সময় আছে এই উইঙ্গারের হাতে। ইনজুরি গুরুতর হলে এমনকি টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন। যা ব্রাজিলকে নতুন সংকটে ফেলতে পারে। কারণ নীতিমালা অনুযায়ী টুর্নামেন্টের এই পর্যায়ে চোটগ্রস্ত খেলোয়াড়ের বদলি নেয়ার কোনো সুযোগ নেই।

তবে, ব্রাজিল সমর্থকদের সুখবরও দিয়েছেন আনচেলত্তি। স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার, প্রস্তুত থাকবেন সেই ম্যাচে খেলার জন্যও। শেষ পর্যন্ত মাঠে নামতে পারলে ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading