মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিলেন প্রায় সোয়া এক লাখ শিক্ষার্থী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:১৫
মেডিকেল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিলেন চিকিৎসক হতে আগ্রহী প্রায় সোয়া এক লাখ শিক্ষার্থী। শুক্রবার (২ এপ্রিল) বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বরাবরের মত এবারও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশির ব্যবস্থা ছাড়াও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত রাখা হয়েছিল।
এছাড়া মহামারীর মধ্যে এ পরীক্ষায় স্বাস্থ্যবিধির কড়াকড়িও ছিল। পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অথবা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হয়। তবে কেন্দ্রের বাইরে দেখা যায়, প্রচণ্ড ভিড়। উপেক্ষিত হয় সামাজিক দূরত্ব মানার বিধি-বিধান।

পরীক্ষা কেন্দ্রের বাইরে লক্ষ করা গেছে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের ভিড়। কোনো কোনো পরীক্ষার্থীর সঙ্গে ৪-৫ জন অভিভাবক এসেছেন। তাদের ভাষ্য, ‘তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন নেই, তাই তারা কেন্দ্রের সামনে ভিড় করেছেন।’ এ সময় অভিভাবকদের সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে। তবে পরীক্ষার্থীরা গণমাধ্যমকে বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

