তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৩৬
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:৫৫
টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তাইওয়ানে এ পর্যন্ত ৩৬ জন নিহত এবং ৭২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়, বহু পর্যটক ও লম্বা ছুটিতে ঘরমুখো মানুষদের নিয়ে ট্রেনটি তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল। পথিমধ্যে হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় সেটি।
তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনের চলার পথে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দমকল বিভাগ প্রকাশিত ছবিতে লাইনচ্যুত ট্রেনের কাছে পড়ে থাকা কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা ওই ট্রাকটির অংশ হতে পারে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো ছিন্নবিচ্ছিন্ন ও বেশ কয়েকটি দুমড়েমুচড়ে গেছে। উদ্ধারকারীরা সেখানে আটকেপড়াদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা করছেন।
স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটিতে অন্তত সাড়ে তিনশ’ আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটির প্রথম চারটি বগি থেকে ৮০ থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে পঞ্চম থেকে অষ্টম বগিগুলো ‘বিকৃত’ হয়ে গেছে এবং সেগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
বলা হচ্ছে, গত ৪০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এটি।

