সৌদিতে ‘বিয়ে ও ডিভোর্স’, ৮ মাসের শিশু শাহজালাল বিমানবন্দরে!

সৌদিতে ‘বিয়ে ও ডিভোর্স’, ৮ মাসের শিশু শাহজালাল বিমানবন্দরে!

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৫:৩০

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের আট মাসের কন্যা শিশুকে ফেলে গেছেন সৌদি আরব থেকে আসা এক নারী। শিশুটি এখন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে আছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের বেল্ট এরিয়ায় একটি ট্রলির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখেন এপিবিএন এর এক সদস্য। পরে সিসিটিভি ভিডিও পরীক্ষা করে দেখা যায়, রাতে সৌদি আরব থেকে আসা এক নারী সকালে শিশুটিকে সেখানে ফেলে রেখে যান।

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আসমা নামে আরেক যাত্রীর বরাত দিয়ে আলমগীর হোসেন বলেন, “শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে একজনকে তিনি বিয়ে করেন। কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের ঘরেই মেয়েটির জন্ম।

এখন মেয়েকে নিয়ে কোথায় যাবেন সেই দুশ্চিন্তায় বিমানে কয়েকবার কান্নাকাটিও করেছেন বলে আসমা পুলিশকে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর আরও জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছান ওই নারী। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান অবস্থান করছিলেন তিনি। সকাল পর্যন্ত সেখানে থাকার পর ৮টার দিকে শিশুটিকে ট্রলিতে রেখে নিজের লাগেজ নিয়ে তিনি বেরিয়ে যান।

সিসিটিভি ভিডিও দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “শিগগিরই ওই নারীর পরিচয় পাওয়া যাবে।”

আলমগীর হোসেন আরও জানান, পুলিশের এক নারী সদস্য শিশুটিকে মেস থেকে দুধ খাওয়াচ্ছেন এবং দেখভাল করছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading