হেফাজতের শান্তিপূর্ণ হরতালে পুলিশ হামলা করেছে: মামুনুল হক

হেফাজতের শান্তিপূর্ণ হরতালে পুলিশ হামলা করেছে: মামুনুল হক

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৮:০০

হেফাজতে ইসলামের একজন নেতাকর্মী গ্রেপ্তার হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

শুক্রবার (২ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুমকি দেন।

মাওলানা মামুনুল হক অভিযোগ করে বলেন, হেফাজতের শান্তিপূর্ণ হরতালে পুলিশ হামলা করেছে। গুলি করে আমার ভাইদের হত্যা করা হয়েছে। আর হামলার দায় চাপানো হচ্ছে আমাদের ওপর।

তিনি বলেন, আমরা শান্ত আছি, আমাদের শান্ত থাকতে দিন। আমাদের নেতাকর্মীদের ওপর মামলা হামলা হয়রানি বন্ধ করেন। খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের ঘরেবাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। আর একজন নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয়, কোনো সমাবেশে হেলমেট বাহিনী হামলা করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দেবো।

মামনুল হক বলেন, পুলিশি অভিযানের নামে নাটক সাজানো হচ্ছে। ছুরি কি কাজে ব্যবহার হয় জানেন না? এ নাটক পুরনো। কোরবানি ঈদে হয়ত সে ছুরিগুলো আর সেবা দেবে না। আমরা তা আর রাখব না।

হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি জোনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির ড. আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির ড. আব্দুর রব ইউসুফী, মাওলানা শাখাওয়াত হোসেন, হেফাজতের অর্থ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা জসিম উদ্দিন, আহমেদ আলী কাসেমী প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading