ইন্টারনেট যন্ত্রপাতির ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১০:৩০
ইন্টারনেট যন্ত্রপাতির ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
‘মেড ইন বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রি পলিসি’ নিয়ে ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে সংযুক্ত হয়ে শুক্রবার (২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের কাছে একটি প্রস্তাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, সৃজনশীল অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের স্বার্থে এবং ডিজিটাল বিপ্লব আরো এগিয়ে নিতে ইন্টারনেটকে বিলাসী সেবা হিসেবে না দেখে একে বিদ্যুৎ ও জ্বালানির মতো মৌলিক জরুরি সেবা হিসেবে গণ্য করে ইন্টারন্টে যন্ত্রপাতির ওপর থেকে ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করা উচিত। ডিজিটাল পণ্যের গবেষণা ও উন্নয়নের ওপর ২০৩০ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেয়ার জন্য তিনি প্রস্তাবনায় তুলে ধরেন । একইসঙ্গে তিনি আগামী অর্থবছরে বাজেটে ওরিক্স বায়োটেককে দেশে প্লাজমা ফ্রাকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ও বিশেষায়িত গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেয়ার প্রস্তাবও করেন ।
অংশীজনদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রস্তাবটি বিস্তারিত উপস্থাপন করেন ‘লিভারেজিং ইন আইসিটি’র নীতি উপদেষ্টা সামি আহমেদ। প্রস্তাবনায় আইটি ও আইটিইএস খাতে আগাম কর প্রত্যাহার এবং ২০২৪ সালের করমুক্তি সনদ প্রাপ্তি সুবিধা বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়াও এই খাতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোলটেবিল বৈঠকে বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এন এম শফিকুল ইসলাম, ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী, প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (ডিডিএমইএ)- এর সভাপতি মাহবুব জামান, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেডের দেওয়ান শাহরিয়ার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বক্তব্য রাখেন।

