শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন সায়হাম কটনের উদ্যোক্তা
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৩:০৫
পূর্ব ঘোষণা অনুযায়ী সায়হাম কটন মিলস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক সৈয়দ মো. ফয়সাল কোম্পানিটির ৬০ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদকে উপহার সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১২ সালে তালিকাভুক্ত হওয়া সায়হাম কটন মিলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৯ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার। এর মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১২ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সায়হাম কটন মিলসের শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৭ পয়সা।

