রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে ছাড়িয়ে নিলেন হেফাজত কর্মীরা

রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে ছাড়িয়ে নিলেন হেফাজত কর্মীরা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | প্রকাশ: ২১:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হামলা চালিয়ে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে নিয়েছেন হেফাজত কর্মীরা। মামুনুল হককে অবরুদ্ধ করা হয়েছে এ খবরে হাজারো হেফাজত কর্মী মিছিল নিয়ে ওই রিসোর্টে যান। তারপর তাকে উদ্ধার করে পাশের একটি মসজিদে নিয়ে যান।

মামুনুল হক দাবি করেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন।

মামুনুল হক দাবি করছেন সঙ্গে থাকা নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।

মামুনুল হক সাংবাদিকদের বলেন, মাস্তান প্রকৃতির লোকেরা আমাকে আমার ওয়াইফসহ নাজেহাল করেছে। আমাদের আক্রমণ করেছে। অপমান ও হেনস্তা করেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেব।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান বলেন, রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান হেফাজতের কর্মীরা। তাদের বাধা দিতে গিয়ে কয়েকজন আহত হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মামুনুল হককে থানায় নেওয়ার পথে রিসোর্টে হামলা চালান হেফাজতের কর্মীরা। পরে মামুনুল হককে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান হেফাজতের কর্মীরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading