আব্বাসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া: মমতা

আব্বাসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া: মমতা

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রকাশ: ০০:১০

তৃণমূল কংগ্রেস ও বিজেপির মাঠ গরম পর্যায় চলছে। তবে এই দুই দলের ফাঁকে আরেকটি নাম সমান তালে উচ্চারিত হচ্ছে। তিনি হলেন ফুরফুরা দরবার শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে প্রচারে গিয়ে শনিবার (০৩ এপ্রিল) মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষা করলেন আব্বাসকে।

তিনি বলেছেন, ‘হায়দারাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। সঙ্গে ফুরফুরার এক চ্যাংড়াকে নিয়েছে।’

রায়দিঘিতে মমতা বলেন, ‘ওরা কয়েক কোটি টাকা খরচ করে মুসলিম ভোট ভাগাভাগির চেষ্টা করছে। ওদের একটাও ভোট নয়। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।’

বাম ও কংগ্রেসের সংযুক্ত মোর্চায় রয়েছে আব্বাসের দল। রাজ্যে ২৮টি আসনে প্রার্থীও দিয়েছে আইএসএফ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার চারটি আসনে খাম প্রতীকে লড়ছেন আব্বাস অনুগামীরা। শনিবার সেই দক্ষিণ ২৪ পরগনাতেই আব্বাসকে আক্রমণ করেন মমতা। মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগও আব্বাসের বিরুদ্ধে তুলেছেন তিনি।

এর পাল্টা ফুরফুরার ভাইজান বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে মুসলিম সমাজকে বোকা বানিয়েছেন, মুসলিম সমাজকে মারার জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছেন। এর জবাব রাজ্যের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মারার পরিকল্পনা করতে পারেন, কিন্তু রাজ্যের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল সবাই মুসলমানদের ভালবাসেন। আমরা ভাইয়ে ভাইয়ে মিলে মিশে আছি।’

আব্বাস বলেন, ‘আমি আমার সম্প্রদায়সহ পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের যে লড়াইয়ে নেমেছি তাতে সবাই আমার ডাকে সাড়া দিচ্ছেন। বিশেষ করে, আমার সম্প্রদায়ের মানুষেরা ধোকার হাত থেকে বাঁচতে ফিরে আসছেন।’

মমতা যেমন আইএসএফ-এর বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলেছেন, তেমন পাল্টা অভিযোগ আব্বাসেরও। তিনি বলেন, ‘বাংলাকে বিজেপি-র হাতে তুলে দেওয়ার জন্য যে বড় অঙ্কের টাকার চুক্তি ছিল, সেটা পাচ্ছেন না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা বকছেন। ওঁর মানসিক সমস্যা হচ্ছে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading