না ফেরার দেশে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:৫৫
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ইন্তেকাল করেছেন। রবিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আ. লীগ সভাপতি শেখ বজলুর রহমান। তিনি জানান, হার্ট অ্যাটাকে মারা গেছেন আসলামুল হক। শনিবার (৩ এপ্রিল) তিনি স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন।
উল্লেখ্য, আসলামুল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

