এনএসআইকে প্রধানমন্ত্রী: জনগণের নিরাপত্তা নিশ্চিতে যা করার করুন
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৩:২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন করেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয় সে অনুযায়ী ব্যবস্থা নিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এনএসআই সদস্যদের শেখ হাসিনা বলেন, “একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং এইসব ব্যাপারে আপনাদের সদা সতর্ক থাকতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমাল রক্ষা করা, জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা আপনাদের করতে হবে।”
“সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বা দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সে বিষয়ে আপনাদের অবশ্যই যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব।”
প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই এনএসআই এর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সাথে কর্তব্য পালন করবেন। আপনাদের কর্তব্য পালনের সময় যথাযথ শৃঙ্খলা বজায় রেখে আপনারা যদি আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, অবশ্যই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, ইনশাল্লাহ ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশ।” এনএসআইয়ের আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। গণভবন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকও যুক্ত ছিলেন অনুষ্ঠানে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান কার্যালয় প্রান্তে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

