মমতার অভিযোগ: বাংলাদেশে দাঙ্গা বাধিয়েছেন মোদী

মমতার অভিযোগ: বাংলাদেশে দাঙ্গা বাধিয়েছেন মোদী

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:২০

বাংলাদেশ সফরে এসে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাঙ্গা সৃষ্টি করেছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ এইটিন

রবিবার (০৪ এপ্রিল) হুগলির খানাকুলে নির্বাচনি প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি।

হুগলির সভায় মমতা বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে। দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে, আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে ভালো নাটক করতে পারে। আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।’

প্রধানমন্ত্রী মোদি শনিবার পশ্চিমবঙ্গে গিয়ে দাবি করেন, বিজেপির জয় নিশ্চিত, তাই সরকারি অফিসারদের উচিত এখন থেকেই কাজ শুরু করে দেওয়া। একই সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথে তিনি আসবেন বলেও তিনি জানিয়েছেন।

এদিন সেই প্রসঙ্গেই মমতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই।’

এর আগে প্রথম দু’দফার ভোটের পরই বিজেপি নেতারা দাবি করে আসছেন, ৬০ আসনের মধ্যে ৫০ আসন পাবেনই তারা। রবিবার বিজেপির সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, ‘আগে তো ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বলো।’

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ মার্চ তারিখে ঢাকা সফরে আসেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। তার দুই দিনের সফরের আগে-পরে এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading