ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় শিমুলিয়া ঘাটে
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:৪৫
লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো যাত্রীদের
উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।
রবিবার (৪ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখী যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন। ঘাট ও নৌ-যানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে।
শিমুলিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌ-রুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চালু রয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুল ইসলাম বলেন, যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের সচেতনতায় কাজ করছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সারাদিন ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে সোমবার থেকে ফেরি বন্ধ থাকবে। শুধু মরদেহ পরিবহনের জন্য ফেরি চলবে।
তাছাড়াও দুই শতাধিক যান ফেরি পারের জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষায় আছে বলে জানান এই কর্মকর্তা।

