করোনায় আক্রান্ত রিয়ালের রাফায়েল ভারানে
উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:৩০
রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামার কয়েক ঘণ্টা আগে জোর ধাক্কা খেলো জিদানের দল। কারণ করোনা পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন দলটির সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে।
ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক ও রক্ষণের মূল অস্ত্র সার্জিও রামোস। এবার ভারানেও ছিটকে যাওয়ায় বড় দুশ্চিন্তা ভর করেছে রিয়াল শিবির।
এরপর শনিবার বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোয় এল ক্লাসিকো এবং ১৪ এপ্রিল অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগেও মাঠে নামা হবে না ফরাসি ডিফেন্ডারের।
করোনা পজিটিভ ভারানে এরইমধ্যে আইসোলেশনে চলে গেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সোমবার রিয়ালের দলীয় অনুশীলনেও উপস্থিত ছিলেন না তিনি। ওই সময় উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করান তিনি। এরপর মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।

