ফারুকের মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ পরিবারের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ২০:৩০
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন তার ছেলে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এ অভিনেতা।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় ফেইসবুকে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান বলেন, “বাবাকে নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করছি। গত দুই দিনে বাবার শারীরিক অবস্থা আগের তুলনা উন্নতি হয়েছে।”
এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
গত ২১ মার্চ অচেতন অবস্থায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়েছিল। এখনও আইসিইউতে থাকলেও গত দুইদিন ধরে তিনি সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন বলে জানান তার ছেলে।

