বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে আজ ঢাকায় আসছেন জন কেরি

বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে আজ ঢাকায় আসছেন জন কেরি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:০০

আজ শুক্রবার (৯ এপ্রিল) এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আমেরিকার উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেবেন। শীর্ষ সম্মেলনটি আগামী ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন জন কেরি। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দীনের সাথে বৈঠক করবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যাবেন কেরি। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেয়া লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেয়ার আমন্ত্রণপত্র তুলে দেবেন।

কেরির সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, জলবায়ুসংক্রান্ত বাংলাদেশের অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো আমরা কেরির কাছে তুলে ধরবো। এ ব্যাপারে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে তাকে অবগত করা হবে। আমরা মনে করি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ-খাওয়ানো এ সমস্যা সমাধানের জন্য যথেষ্ঠ নয়। জলবায়ুর পরিবর্তনরোধের ওপর গুরুত্ব দিতে হবে। আর এই সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় বাংলাদেশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading