নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে কর্মকর্তাদের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৪০
করোনাভাইরাস মহামারিতে গ্রামীণ ও পৌরসভা এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই’র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা-উপজেলা পর্যায়ে নির্মিত হাত ধোয়ার স্টেশনসমূহে প্রয়োজনীয় সাবানসহ পানি সরবরাহের ব্যবস্থা সচল রাখতেও নির্দেশ দেন মন্ত্রী।
মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি কোভিড-১৯ মোকাবিলা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ প্রদান করেন।
তাজুল ইসলাম বলেন, গ্রামীণ এলাকায় নলকূপসমূহ চালু রাখতে এবং পৌরসভাগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেন করোনাকালীন সময়ে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধুতে পারে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যেসব চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করার নির্দেশনা দিয়ে মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মক্ষেত্র এলাকায় অবস্থান এবং অতি প্রয়োজন ছাড়া ঘরে বসে কার্যক্রম পরিচালনা করার করতে বলেন।
এ সময়, মাঠ পর্যায়ের কর্মকর্তারা করোনাকালীন সময়ে সাধারণ মানুষের নিকট পানিসহ অন্যান্য সেবাসমূহ নির্বিঘ্নে পৌঁছে দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী বলেন, সমগ্র দেশে পানি সরবরাহ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে টিউবওয়েল নির্মাণে সাইট নির্ধারনে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে। ওয়াটার কোয়ালিটি পরীক্ষা না করে যেখানে সেখানে টিউবওয়েল স্থাপন না করার পরামর্শ দেন মন্ত্রী।
নিম্নমানের কাজ করলে অথবা সঠিকভাবে দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন মো. তাজুল ইসলাম।

