বাংলা নববর্ষ ও লকডাউনের প্রথম দিন: সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫০
বাংলা নববর্ষের ১৪২৮ সালের প্রথম দিন আজ। লকডাউন ও পয়লা বৈশাখকে কেন্দ্র করে দেশের সব সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানসহ দোকান-পাট বন্ধ রয়েছে। তবে এ দিনেও থেমে নেই মানুষের কর্মযজ্ঞ।
জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন শ্রেণির মানুষকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সড়কে চলাচল করতে দেখা গেছে। এক্ষেত্রে কিছু অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব পরিবহনে অফিসে যাতায়াত করছেন। এছাড়া হেঁটে বা রিকশায় হাসপাতালে যেতে দেখা গেছে ।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সড়কে কোনো ধরনের গণপরিবহন চলছে না। তবে জরুরি সেবার আওতায় বিভিন্ন ধরনের পণ্য পরিবহন, অফিসের স্টাফ বাস, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, ইন্টারনেট সেবা ও বর্জ্য ব্যবস্থাপনার পরিবহনসহ রিকশা সড়কে চলাচল করছে।
এদিকে, সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে লকডাউনে অযথা ঘোরাফেরা করা মানুষের সংখ্যা কমানো এবং এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষ যাতায়াত করছে কি না তা মনিটরিং করা হচ্ছে।

