ধর্মকর্ম নিয়ে সময় কাটছে ঘরবন্দি মিশা সওদাগরের
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৪০
আট শতাধিক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর।
এদিকে ‘লিডার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিশা। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি৷ আবার ঘরবন্দি হতে হয়েছে তাকে। এখন তিনি বাসায় অবস্থান করছেন। নামাজ-রোজা আর ধর্মকর্ম নিয়ে সময় কাটছে তার। এমনটাই জানান মিশা সওদাগর।
দীর্ঘদিন পর আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফিরেই ‘রিভেঞ্জ’ নামের সিনেমায় নাম লেখান এই অভিনেতা। সুনান মুভিজের ব্যানারে ‘রিভেঞ্জ’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। এরপরই অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই দাপুটে অভিনেতা। এছাড়া ‘শান’ সিনেমার ডাবিংসহ আরো কয়েকটি সিনেমার কাজ শুরু করেন তিনি।
এদিকে মিশা সওদাগর অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’, এম রহিম পরিচালিত ‘শান’, অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’, শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ প্রভৃতি।

