আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ২০:০০
মাওলানা আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাম্প্রতিক প্রসঙ্গে সাংবাদিকরা হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মওলানা আল্লামা আহমদ শফী হত্যা মামলায় বাবুনাগরী ও মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) এর দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, নির্যাতনের মাধ্যমে মওলানা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ইউরোপ সফর থেকে দেশে ফিরে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. হাছান। এ সময় পবিত্র রমজান ও বাংলা নববর্ষের প্রথমদিন উপলক্ষে তিনি নতুন বছরে দেশ ও সমগ্র বিশ্বের করোনামুক্তি কামনা করেন।
ড. হাছান বলেন, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাঙচুর করা, হাসপাতালে নেওয়ার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা-এসব সবাই দেখেছে।
তিনি বলেন, মাওলানা শফী সাহেব আমার নির্বাচনী এলাকার ও আমার পাশের ইউনিয়নের একজন আলেম ছিলেন। তার মতাদর্শ নিয়ে নানা কথা থাকলেও মানুষ হিসেবে তিনি ছিলেন সজ্জন। যারা মামলা করেছেন, তারাও আমার নির্বাচনী এলাকার মানুষ। আমি চাই, আমার নির্বাচনী এলাকার মানুষ মওলানা শফী সাহেবকে যারা নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার হোক।
করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরূপ মন্তব্য সম্পর্কে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জনগণকে মহামারির হাত থেকে রক্ষার জন্যই সরকার লকডাউনের ব্যবস্থা নিয়েছে। বিশ্বের দেশে দেশেও একই ব্যবস্থা। কিন্তু দুঃখজনক, মির্জা ফখরুলের কথা শুনে মনে হয়, তারা চান, দেশে করোনা সংক্রমণ আরো ব্যাপক বৃদ্ধি পাক, প্রতিদিন দেশে শতশত মানুষের মৃত্যু হোক, তাহলে তাদের রাজনীতিতে সুবিধা হয়।

