যশোরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১৬ দোকান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ০৮:৩০
যশোর টাউন হল মাঠের কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপক দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২১ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ আগুনে ১৬টি দোকান মালামালসহ ভষ্মীভূত হয়েছে। ব্যাপক ক্ষতির শিকার ব্যবসায়ীরা এসময় আহাজারি করছিলেন।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে রাত ১১টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থলে আসেন। যশোর ও বাঘারপাড়ার ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে পারবেন বলে তিনি জানান।
স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা জানান, তাদের সর্বস্ব গেছে। ঈদ উপলক্ষেও তারা পোশাক তুলেছিলেন। ১৬টি দোকানের সকল মালমালই পুড়ে গেছে।
ব্যবসায়ীরা দাবি করেন, সব মিলিয়ে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর কবীর সুমন জানান, এ মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।

