জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির কোরাল, ৩৫ হাজারে বিক্রি

জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির কোরাল, ৩৫ হাজারে বিক্রি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:১৭

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। ১৪০০ টাকা কেজি দরে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন মো. এরশাদ হোসেন নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দা খালেক মাঝি কয়েকজন ভাগী (জেলে) নিয়ে মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলেন। নির্দিষ্ট সময় পরে তারা জাল টেনে তোলার সময় তাদের জালে ইলিশসহ অন্যান্য মাছের সাথে কোরাল মাছটি ধরা পড়ে। পরবর্তীতে মাছটি নদী তীরবর্তী আড়তে বিক্রির জন্য আনা হয় এবং নিলাম হয়। নিলামে যোগ দেন স্থানীয় অন্যান্য আড়তদার ও ব্যবসায়ীরা।

জেলে খালেক মাঝি বলেন, এর আগে কখনও এত বড় কোরাল নদীতে আমার জালে ধরা পড়েনি। শনিবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় কোরাল মাছটি আমার জালে ধরা পড়ে। পরে মাছটির নিলাম শুরু হলে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৫ কেজির কোরালটি ৩৫ হাজার টাকায় বিক্রি করেছি।

মাছটির ক্রেতা এরশাদ হোসেন বলেন, এত বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। কৌতূহলবশত মাছটি কিনেছি।
চেয়েছিলাম বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠাব, কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা এটি নিজেরাই খাবেন বলে জানিয়েছে। পরে কেটে ভাগ করে নেওয়া হয়েছে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, জেলেরা বলছেন, ভরা মৌসুমেও মেঘনায় তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এ সময়ে বড় আকৃতির কোরাল মাছ এক জেলের জালে ধরা পড়া অন্যান্য জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনের দিনগুলোতে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা করি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading