মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৬১ ভাগ: সেতুমন্ত্রী

মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৬১ ভাগ: সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:৩০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৬১ দশমকি ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মেট্রোরেল নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির এ তথ্য জানান।

এছাড়া প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইক্যুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২ দশমিক ২২ ভাগ হয়েছে বলে জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট। আর চব্বিশ সেট মেট্রোট্রেনে মোট কোচের সংখ্যা ১৪৪টি। তার মধ্যে গতকাল ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোট্রেন সেট ঢাকার উত্তরায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।’

দ্বিতীয় মেট্রোট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে শেষ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করা হচ্ছে, আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মোংলাবন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছবে। তৃতীয় ও চতুর্থ মেট্রোট্রেন সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্ট।’

এছাড়া পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর বলেও জানান তিনি। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading