করোনায় না ফেরার দেশে শ্রাবণ রাঠোর
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:৩০
এবার করোনায় মারা গেলেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক ‘নাদিম-শ্রাবণ’ জুটির শ্রাবণ রাঠোর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
শ্রাবণের মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না। নব্বই দশকে নাদিমের সঙ্গে জুটি বেঁধে শ্রাবণ একের পর এক হিট দিয়েছেন। ‘সজন’, ‘সড়ক’, ‘পরদেশ’, ‘আশিকি’-র মতো ব্লকবাস্টার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন তারা।
আজকালের খবরে বলা হয়, শ্রাবণ রাঠোর করোনা আক্রান্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় গত সোমবার থেকেই ভর্তি ছিলেন মুম্বইয়ের এসএল রাহেজা হাসপাতালে। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি।
পরিবারের তরফে তাঁর ছেলে সঞ্জীব রাঠোর জানান, গতকাল রাত ১০.১৫ নাগাদ হাসপাতালেই মারা যান শ্রাবণ রাঠোর। তাঁর আত্মার শান্তি কামনা করা করুন আপনারা সবাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। তাঁর মৃত্যু সঙ্গীত জগতে এক বিরাট ক্ষতি বলছেন বিখ্যাত গায়ক থেকে সুরকাররা।
শ্রাবণ রাঠোরের মৃত্যুতে আবেগঘন টুইট করেছেন সুরকার সেলিম মার্চেন্ট। টুইটে সেলিম মার্চেন্ট লেখেন, শ্রাবণ ভাই আর আমাদের মধ্যে নেই। শ্রাবণ ভাইয়ের প্রতি সবসময় আমার শ্রদ্ধা অটুট থাকবে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নাদিম–শ্রাবণ জুটির সৃষ্টি করা ৯০–এর দশকের সমস্ত হিট গানের মধ্যে দিয়ে তিনি সবসময় আমাদের কাছে বেঁচে থাকবেন।
তাঁর মৃত্যুর খবর পেয়ে বলিউডের নামজাদা গায়িকা শ্রেয়া ঘোষালও টুইট করেন। টুইটে শ্রেয়া লেখেন, কোভিড পরিস্থিতিতে আরও একটি বিরাট ক্ষতি শ্রাবণজীর মৃত্যু। আমরা একজন প্রকৃত ভালো মনের মানুষ এবং দারুন মিউজিক ডিরেক্টরকে হারালাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।
সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীও টুইট করেন। টুইটে জিৎ লেখেন, আমি এখনও বিশ্বাস করতে পারছিনা যে সুপার ট্যালেন্টেড সুরকার শ্রাবণজী আর আমাদের মধ্যে নেই। সঙ্গীত জগতে এ এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

