করোনা রোগীদের বহনে স্বেচ্ছাসেবক লীগের ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু
উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৯:৩০
মেহেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে করোনা রোগীদের বহনের জন্য ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ চালু করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাঙ্গণে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান মতিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সনোয়ার হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইবনে মামুন প্রমুখ।
উদ্যোক্তারা জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চালুকৃত এ এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে বিনামূল্যে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় বুধবার (২২ এপ্রিল) এ রোগে সংক্রমিত রোগীদের কথা বিবেচনা করে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করে স্বেচ্ছাসেবক লীগ। এই সেবার উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হটলাইন খুলে (০৯৬১১৯৯৯৭৭৭) এই নম্বরে সেবা দিচ্ছে সংগঠনটি। হটলাইনে প্রায় ৪০জন চিকিৎসক সার্বক্ষণিক কাজ করছে।
দলটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মাঠে থাকবে স্বেচ্ছাসেবক লীগ। আশা করি, আমাদের এই অ্যাম্বুলেন্স সেবা অনেকে অসহায় রোগীর উপকারে আসবে।’

