অবিলম্বে ইন্ডিয়ায় ভ্যাকসিন উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে আমেরিকা
উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট ১৩:০০
ইন্ডিয়া করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় তা মোকাবেলায় আমেরিকা অবিলম্বে দেশটিতে প্রয়োজনীয় টিকা উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে। কোভিড সরবরাহের মধ্যে রয়েছে টিকা তৈরির উপকরণ, পরীক্ষা কিটসহ সুরক্ষা সরঞ্জাম।
রবিবার(২৫ এপ্রিল) এ কথা জানায় হোয়াইট হাউস।
এদিকে ইন্ডিয়ার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় ইতোমধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীসহ বিভিন্ন পশ্চিমা দেশও সহায়তার অঙ্গীকার করেছে।
ইন্ডিয়া গত কয়েকদিন ধরে প্রতিদিন তিন লাখেরও বেশি করে লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট।
এ প্রেক্ষাপটে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ায় কোভিশিল্ড টিকা উৎপাদনের জন্য জরুরি ভিত্তিতে যে উপকরণ প্রয়োজন আমেরিকা অবিলম্বে তা পাঠাবে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, এছাড়া ওয়াশিংটন টেস্ট কিট, ভেন্টিলেটরসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাামাদিও পাঠাবে।

