সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চান ফখরুল
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৪:৫৫
মন্ত্রী-সচিবের নির্দেশেই সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোজিনা ইসলাম একজন সিনিয়র সাংবাদিক। তার অনেক অনুসন্ধানী ও সাহসী রিপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক দুর্নীতি, অনিয়মের খবর জনগণ জানতে পেরেছে।
মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করে কারাবন্দি রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বাংলাদেশে এখন আর স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য পাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। সরকারও তার ওপর ক্ষুব্ধ ছিল এবং নজরদারি করছিল। গতকাল পেশাগত কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে একা পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী অন্যায়ভাবে আটকে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একজন নারী সাংবাদিকের ওপর সরকারি কর্মকর্তাদের এহেন আচরণ লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ।
বিবৃতিতে বিএনপি মহাসচিব রোজিনা ইসলামের মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার, তাকে আটক রাখাসহ নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ এবং সাংবাদিক দমন-পীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা ও সঠিক তথ্য পাবার অধিকারে সরকারি হস্তক্ষেপ বন্ধের জোর দাবি জানান।
মির্জা ফখরুল আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকের ওপর নিষ্ঠুর আচরণের দায় সরকার এড়াতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী ও সচিব এ ঘটনা জানলেও তারা রোজিনা ইসলামকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয় নাই। উল্টো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের নির্দেশেই রোজিনা ইসলামের ওপর এ নির্যাতন চালানো হয়েছে। এই জন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করছি।’

