যুদ্ধবিরতির পক্ষে বাইডেনের সমর্থন

যুদ্ধবিরতির পক্ষে বাইডেনের সমর্থন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৪:৫৫

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ও ইসরায়েলের মধ্যে চলা লড়াইয়ে যুদ্ধবিরতির সর্মন জানিয়েছেন। যুদ্ধের আটদিন পার হওয়ার পর তিনি এই সমর্থন জানান। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবার (১৭ মে) টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন যুদ্ধবিরতির পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন।

বিবিসি জানান, জো বাইডেন যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানালেও যুক্তরাষ্ট্র ফের সহিংসতা অবসানের আহ্বান জানানো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিয়েছে। এ সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও সহিংসতার অবসানের জন্য শুরু হওয়া কূটনৈতিক তৎপরতায় এখনও কোনো লক্ষ্যণীয় অগ্রগতি হয়নি।

গাজায় এ পর্যন্ত ৬১টি শিশুসহ অন্তত ২১২ জন নিহত হয়েছেন অপরদিকে ইসরায়েলে দুইটি শিশুসহ নিহত হয়েছে আরও ১০ জন। ইসরায়েলি জরুরি বিভাগ দেশটিতে মোট ৩১১ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে।

গতকাল সোমবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ইসরায়েল লক্ষ্য করে ৩৩৫০টির মতো রকেট ছুড়েছে, এর মধ্যে সোমবারই ছুড়েছে ২০০টি। রকেটের এ পরিমাণকে ‘নজিরবিহীন সংখ্যা’ বলে উল্লেখ করেছে তারা। তাদের আয়রন ডোম প্রতিরক্ষা সিস্টেম ৯০ শতাংশ রকেট ধ্বংস করে দিয়েছে এবং তাদের বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৩০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই ফিলিস্তিনি যোদ্ধা এবং যে কোনো বেসামরিকের মৃত্যুর বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পরিচালনাকারী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ওই দাবির সঙ্গে দ্বিমত করেছে।

সোমবার দিবাগত রাতেও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিল। রাত নেমে আসার পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গাজা সিটির দু’টি ভবনে আঘাত হানলে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১৮ মে) ভোররাতে গাজার যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়ে। রকেট হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে উঠলে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করে। তবে আগের দিনের তুলনায় এদিন গাজা থেকে কম রকেট ছোড়া হয়েছে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading