সরকারের সময়োচিত পদক্ষেপে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে: ডা. মুরাদ হাসান
উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ২২:৪০
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলা ও জনগণের সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সময়োচিত পদক্ষেপে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
শনিবার (২২ মে) জামালপুর জেলার সরিষা বাড়ী উপজেলায় সরিষা বাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের বর্ধিত ভবন উদ্ভোধন ও হেলথ ম্যানেজমেন্ট কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান বলেন, সরকারের প্রচেষ্টা সফল করতে জনগণের সহায়তা দরকার। কারণ বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। তাই এদেশে করোনাভাইরাস থেকে দূরে থাকতে হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে এবং কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ থাকলে জীবিকা নির্বাহ সংকটের পাশাপাশি জীবনও শঙ্কার মুখেপড়ে।
তিনি আরো বলেন, তাই সরকার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গাজী মোহাম্মদ রফিকুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্য ক্ষহারুন-অর-রশিদ।

