‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না, ঢাকা সবসময় ফিলিস্তিনিকে সমর্থন দেয়’

‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না, ঢাকা সবসময় ফিলিস্তিনিকে সমর্থন দেয়’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৭:১৮

বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত — ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল’। তবে পরিবর্তিত নতুন পাসপোর্টে লেখা হচ্ছে — ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ই-পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সিল বাদ দেওয়া হয়েছে। তবে, বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না।

রবিবার (২৩ মে) দুপুরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ এ সংক্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। আমাদের নতুন পাসপোর্টকে স্ট্যান্ডার্ড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই এরকম একটি সিল ছিল। বলা যায়, এ কারণে আমাদের পাসপোর্ট বিশ্বে ইউনিক ছিল। এখন ই-পাসপোর্ট পদ্ধতিতে শুধু এ পরিবর্তনটি আনা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আগে যে অবস্থানে ছিলাম, সে অবস্থানেই আছি।’

ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ঢাকা বরাবরই ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ‌্যে সর্বশেষ সংঘাতের সময়েও বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দেয়।

ইসরাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাড কোহেন এই খবরকে ঘিরে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শনিবার (২২ মে) টুইটার বার্তায় গিলাড কোহেন বলেন, দারুণ খবর! ইসরাইলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানাই। বাংলাদেশ সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাই। যেনো দুই দেশের মানুষ লাভবান হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading