করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু: শনাক্ত ১৪৪১

করোনায় একদিনে ২৫ জনের মৃত্যু: শনাক্ত ১৪৪১
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৭:৩০

নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন এক হাজার ৪৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে দেশে মোট ১২ হাজার ৪০১ জনের মৃত্যু হলো। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন।

এর আগের দিন রবিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন করোনা পজিটিভ হয়েছিলেন এক হাজার ৩৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৮৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩৩৫টি। সংগৃহীত নমুনার মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১৭ হাজার ৬৮৩টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৪৪১টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন এবং দুইজনের মৃত্যু হয়েছে বাসায়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৪০১ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ২৫ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৪ জন নারী। এদের মধ্যে ১৩ জন ষাটোর্ধ্ব, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ২৫ জনের মধ্যে ৬ জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, রংপুর বিভাগের ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading