নওগাঁয় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ইমাম গ্রেফতার
উত্তরদক্ষিণ | রবিবার, ৩০ মে ২০২১ | আপডেট ১১:০৫
নওগাঁর বদলগাছী উপজেলায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম আবু হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৪র্থ শ্রেণি পড়ুয়া শিশু কন্যা আরবি পড়তে যেতো উত্তর পাকুড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম আবু হাসানের বাসায়। শনিবার সকাল ৭টায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে আবু হাসান। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে ও আসামি আবু হাসানকে গ্রেফতার করা হয়েছে।

