খালেদা জিয়া দেশে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন: তথ্যমন্ত্রী

খালেদা জিয়া দেশে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১৭:৩০

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের কাছে বিএনপি যে দাবি করেছে তা ‘অমূলক’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মানস’ আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে বিধিনিষেধ প্রত্যাহারে দলটির নেতা নজরুল ইসলাম খানের দাবি বিবেচনা করা হবে কি না জানতে চাইলে সেমিনার শেষে তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সেটির ব্যবস্থা করা হয়েছে। তার পছন্দনীয় হাসপাতালে, তার পছন্দমত ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। “তার যে শারীরিক সমস্যাগুলো তিনি ২০ বছর ধরেই ভুগছেন এবং সেগুলোর চিকিৎসা দেশেই আছে। তাই বিএনপির দাবি সম্পূর্ণ অমূলক।”

খালেদা জিয়াকে কারাগারে না রেখে মানবতা দেখিয়ে স্বজনদের সঙ্গে থাকতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কৃতজ্ঞতা’ জানানো উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান।

রবিবার এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার বিষয়ে সম্প্রতি তারা একটি চিঠি পেয়েছেন। এই সেবা ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে।

এবিষয়ে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় করে। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading