গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধ মাদক কারবারি নিহত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১২:৪০
গাজীপুরের টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে বলে র্যাবের ভাষ্য। র্যাব ১-এর সহকারী পরিচালক মো. মুশফিকুর রহমান বলেন, টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকায় গতকাল সোমবার রাত ১২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত রোকন মিয়া (৩২) জেলার পুবাইল থানার বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা মুশফিকুর বলেন, “বস্তি এলাকায় কতিপয় অস্ত্রধারী ও মাদক কারবারি অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাব অভিযানে যায়। তখন অস্ত্রধারী ও মাদক কারবারিরা র্যাবকে লক্ষ করে গুলি করে। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে একপর্যায়ে স্থানীয় মাদক কারবারি রোকন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।”
তিনি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, গুলি, সাতটি গুলির খোসা ও তিন হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করে র্যাব। নিহত রোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. শাহ আলম।

