অধ্যাপক ড. ইমদাদুল হক জবির নতুন ভিসি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৫:০৫
অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পঞ্চম উপাচার্য হিসেবে আগামী চার (৪) বছরের জন্য নিয়োগ পেয়েছেন। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (১ জুন) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ডিন ড. মো. ইমদাদুল হককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
চলতি বছরের ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন। এর আগের দিন ১৭ মার্চ অনেকটা অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

