চট্টগ্রামে সিগারেট লুটের মামলা: অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে সিগারেট লুটের মামলা: অস্ত্র উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৪:৩০

গত ২৭ মে ভোরে চট্টগ্রাম নগরীর পোস্তারপাড়ায় আবুল খায়ের গ্রুপের পরিবেশক খাজা ট্রেডার্সের গুদামে ডাকাতি করে ৩৩ লাখ টাকার সিগারেট লুটের ঘটনায় প্রধান আসামি নূর নবীর তথ্যে ডাকাতিতে ব্যবহৃত গুলি ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার (৩ জুন) ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন শঙ্কর দেওয়ানজীর হাট এলাকার একটি বাসা থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

ওসি মহসিন গণমাধ্যমকে বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে নূর নবী জানান, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র তার সহযোগী নাসিরের বাসায় রয়েছে। এরপর শঙ্কর দেওয়ানজীর হাট এলাকায় নাসিরের বাসায় অভিযান চালানো হয়। নাসিরকে পাওয়া না গেলেও তার বাসা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”

৩১ মে চট্টগ্রামের বাড়বকুণ্ড ও কুমিল্লায় অভিযান চালিয়ে নূর নবী এবং লুট হওয়া সিগারেটের ক্রেতা, কুমিল্লা স্টেশন রোড এলাকার দোকানি বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের পতেঙ্গা ও কুড়িগ্রামে ডাকাতি ও দুটি হত্যাকাণ্ডে নূর নবীর বাহিনী জড়িত বলে পুলিশের ভাষ্য।

ওসি মহসিন বলেন, পোস্তারপাড়ায় ডাকাতিতে নূর নবী অস্ত্র নিয়ে গুদামে প্রবেশ করেছিলেন। নাসিরও তার সঙ্গে ছিলেন। নাসিরের বিরুদ্ধে রাউজান ও রাঙ্গুনিয়া থানাতেও ডাকাতির মামলা আছে। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading