ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের জামিন নাকচ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ১৭:৪৫
ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের নয় নেতাকর্মীর জামিন হয়নি জজ আদালতে। বৃহস্পতিবার (৩ জুন) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের ভার্চুয়াল আদালত তাদের জামিন নাকচ করে।
যাদের জামিন আবেদন নাকচ হলো তারা হলেন- পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আল আমিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সজল ও ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নজরুল করিম সোহাগ, আসাদুজ্জামান, মোমিন আকন্দ, আরিফুল ইসলাম, শিপন ও রোকেয়া জাবেদ মায়া।
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানা এই মামলা হয় গত ২৭ মার্চ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলামসহ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ফরিদ আহমেদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
আসামিদের মধ্যে প্রথম চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা মামলার এজাহারভুক্ত আসামি। বাকিদের সন্দেহভাজন হিসেবে গত ১ এপ্রিল গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর সিএমএম আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর হলে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়।
মামলায় পুলিশের উপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনের অভিযোগও আনা হয়। মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ মোট ১১জনকে আসামি করা হয়।

