আজ ইরানে প্রেসিডেন্ট নির্বাচন
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ০৯:২০
আজ ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুন) সকাল ৭টা থেকে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল পর্যন্ত। স্থানীয় সময় শনিবার (১৯ জুন) দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন ৫২৯ জন। কিন্তু সেখান থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পান ৭। শেষ সময়ে এসে আরও তিনজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাতে কিন্তু নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য টিকে আছেন মাত্র ৪ জন। এরা হলেন, ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রায়িসি (৬০), সাবেক সাংবাদিক ও মধ্যপন্থী নেতা আবদুল নাসের হেমাতি (৬৪), ইরানের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান মহসীন রেজাই (৬৬) ও রক্ষণশীল ঘরনার চিকিৎসক নেতা আমির হোসেন ঘাজিজাদ্দে হাশেমি (৫০)।
ইরানে বর্তমানে মোট ভোটার ৫ কোটি ৯৩ লাখ। তার মধ্যে নারী ভোটার ২ কোটি ৯৩ লাখ ৩০ হাজার। আর পুরুষ ভোটার ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার। আর এবার প্রথমবারের মতো ভোট দিবেন ১৩ লাখ তরুণ।
তবে কঠোর শাসন ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ায় এই নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই তরুণদের। আগ্রহী নেই বয়স্ক ভোটারদেরও। তাছাড়া বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের প্রার্থিতা বাতিল হওয়াও এই অনাগ্রহের একটি কারণ।
সে কারণে এবারের নির্বাচনে আশঙ্কাজনক হারে কম ভোটারের উপস্থিতি হতে পারে। সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছিল। এবার সেটারও চেয়ে বেশ কম ভোট পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এতে করে শেষ পর্যন্ত চারজন প্রার্থীর কেউ-ই যদি ৫০ শতাংশ ভোট না পান তাহলে দ্বিতীয়বার নির্বাচন হবে। সেখানে অংশ নিবেন এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুইজন।

