কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: নিহত ৩
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ১৫:১৮
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও এলাকার মোবারক হোসেন কুটু মিয়ার ছেলে মিরাজ (১৮), একই এলাকার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার হামন্দি গ্রামের আলী হোসেনের ছেলে ফখরুল আলম দুলাল (৫২)।
শুক্রবার (১৮ জুন) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন একজন। এ দুর্ঘটনায় নিহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
ময়নামতি থানার এসআই আবদুর রহমান জানান, এ ঘটনায় আহত মাহবুব (৫০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও হামন্দি গ্রামে।
এসআই বলেন, খাগড়াছড়ি থেকে ঢাকা যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি বাস। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজী জোড়কানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা যান।
এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ময়নামতি হাইওয়ে ওসি আনিসুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে বাসও প্রাইভেটকারটি উদ্ধার করে।পরে নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

