বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণ প্রকাশ

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণ প্রকাশ

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ১৮:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটি ফরাসি সংস্করণ ‘Journal de Prison’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। তিনি নিউইয়র্ক থেকে অনলাইনে সংযুক্ত হন। এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরাসি লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার বার্নার্ড হেনরি।

বিশেষ বক্তা হিসেবে ঢাকা থেকে অংশগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব মফিদুল হক। অনুষ্ঠানে দূতাবাসে সশরীরে উপস্থিত ছিলেন এই গ্রন্থের অনুবাদক প্রফেসর ফিলিপ, বইটির প্রকাশক সংস্থার প্রতিনিধি বারট্রান্ড।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবনের ১৩ টি বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। পরিবার পরিজনকে ছেড়ে কারাগারে অন্তরীণ জীবন যাপন করেছেন। বঙ্গবন্ধু বিশ্ব সচেতনতা তৈরিতে এক সোচ্চার কণ্ঠস্বর।’

বিশিষ্ট ফরাসী লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার বার্নার্ড তার বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘এ বইয়ে আমি বঙ্গবন্ধুর কন্ঠস্বর শুনতে পাই।’

বার্নার্ড তার বক্তব্যে কয়েকটি বিশেষ দিক তুলে ধরেন। প্রথমত তিনি ফ্রান্সে বসবাসরত শেষ প্রজন্মের মানুষ যিনি বঙ্গবন্ধুকে দেখেছেন।

তিনি বলেন, ‘এ গ্রন্থের মাধ্যমে একদিকে যেমন মিষ্টতার প্রকাশ অনুভব করতে পেরেছি, তেমনি দৃঢ়তাও ফুটে উঠেছে। জনমানুষের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধ আস্বাদন করতে পেরেছি। এটি স্থায়ীভাবে এ গ্রন্থে গ্রথিত হল। বঙ্গবন্ধু তার বইতে যে ভাবে ফরাসি বিপ্লবের কথা বলেছেন, ফরাসি জনগোষ্ঠীর সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে সমর্থন করেছেন, সে একইভাবে ১৯৭১ সালের অক্টোবর মাসে বিশিষ্ট ফরাসি দার্শনিক অঁন্দ্রে মার্লোও বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে তার সমর্থন প্রকাশ করেন।’

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন যে, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, তার জীবন দর্শন সারা বিশ্বের ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ বইটির অনুবাদ বিশেষ অবদান রাখবে।

ড.কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে কারাগারের রোজনামচা বইটির ফরাসি সংস্করণের মোড়ক উন্মোচন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।’

করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানের গেস্ট অব অনার, অনুবাদক, প্রকাশক সংস্থার প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া ফ্রান্সে অবস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট গুণীজনসহ প্রবাসী বাংলাদেশিদের জন্য এই অনুষ্ঠানটি একইসাথে অনলাইনে আয়োজন করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading