করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং
উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ০৯:৪৫
ইন্ডিয়ার কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মাসে করোনা আক্রান্ত হন মিলখা সিং। এরপর তাকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। ফ্লাইং শিখ খ্যাত মিলখা সিং এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী নির্মল কাউর। এক সপ্তাহের মাথায় এবার মিলখা সিংও শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মিলখা সিং এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এ ছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল।

