মদ কিনে প্রতারণার শিকার শাবানা আজমি
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১০:৪২
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি অনলাইন ই-কমার্স সাইটে প্রতারণার শিকার হয়েছেন বলিউডের প্রাণখ্যাত এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৪ জুন) এক টুইটে ‘লিভিং লিকুইডজ’ নামে একটি অনলাইন অ্যালকোহল ডেলিভারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে শাবানা আজমি জানান, অনলাইনে মদ অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন।
পাশাপাশি যে অ্যাকাউন্টে বিল পরিশোধ করেছেন, তার বিস্তারিত তথ্যও টুইটে উল্লেখ করেন এই অভিনেত্রী।
টুইটে শাবানা আজমি লেখেন—‘সাবধান! আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। অর্ডার করার সময় সমস্ত বিল পরিশোধ করেছি। কিন্তু আমার কাছে জিনিস এসে পৌঁছায়নি। বারবার ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেনি।’
এ টুইট করার পর সরব হন নেটিজেনরা। কুমার সুশীল নামে এক নেটিজেন দাবি করেন, কয়েক দিন আগে একই সংস্থার কাছে প্রতারিত হয়েছেন তিনি।
এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য মুম্বাই পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিআকর্ষণ করেছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় আরেক টুইটে শাবানা আজমি জানান, ওই প্রতিষ্ঠানের মালিকের সন্ধ্যান পেয়েছেন তিনি।

