বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২০:৫০

ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগা খান মিন্টুকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে। এই আসনে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) আগা খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়। তিনি বলেন, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এই আসনে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে ভোটের মাঠে আগা খান ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না।

সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ১৫ জুন। মনোনয়ন বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৩ জুন।

১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

আগামী ২৮ জুলাই সিলেট-৩ ও কুমিল্লা-৫ সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা আছে। এ নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো প্রার্থী দেয়নি।

ইসি’র তথ্য বলছে, পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। দলগুলো হলো, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কংগ্রেস ও বিএনএফ। ঢাকা-১৪ আসন বাদে এখন বাকি দুই আসনে ভোট নেওয়া হবে।

গত ২ জুন এই তিন সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading