বিকেলে এনটিআরসিএ’র মিটিং

বিকেলে এনটিআরসিএ’র মিটিং

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১৩:৩০

রিটকারী আড়াই হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। ফলে আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে আর কোনো বাধা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

সোমবার (২৮ জুন) সকালে এনটিআরসিএ’র বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, ‘বহুল কাঙ্ক্ষিত এ রায় আমাদের পক্ষে এসেছে। আমরা আজকে বিকেলেই মিটিংয়ে বসবো। এর মধ্যে টেলিটকের সঙ্গে কথা বলতে হবে। আমরা চাইবো আজকে রাতেই সুপারিশ করতে। না পারলে কালকেই আশা করছি ফল প্রকাশ করতে পারবো।’

সচিব আরও বলেন, ‘এটি একটি যুগান্তকারী রায়। এ রায়ের ফলে ভবিষ্যতে কেউ আর এ রিট নিয়ে চিন্তা করতে পারবে না। মেধাবীরা নিয়োগ পাচ্ছেন, এটাই বড় অর্জন বলে মনে করি।’

এর আগে রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের নিয়োগের সুপারিশের বিরুদ্ধে আপিলের শুনানি করে। ওইদিন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএ’র করা আপিলের শুনানির কথা ছিল। আদালত আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে গত ২২ জুন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত না করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

গত ১৩ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading