জিম্বাবুয়ের পথে বাংলাদেশ

জিম্বাবুয়ের পথে বাংলাদেশ

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৬:০০

বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ৭ বছর আগে। ২০১৩ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরে ফিরতে হয়েছে দেশে। এবারও তিন ফরম্যাটে খেলতে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর আগে সর্বশেষ গতবছর বাংলাদেশ সফরে এসে তিন ফরম্যাটেই হেরেছে জিম্বাবুয়ে। দেশের মাটিতে সাকিব-তামিমরা জিম্বাবুয়েকে নাকাল করলেও তাদের মাটিতে দিতে হবে পরীক্ষা।

মঙ্গলবার (২৯ জুন) ভোর চারটায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে জাতীয় টেস্ট দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হয়। কাতারের দোহায় প্রায় ছয় ঘণ্টার ট্রানজিট রয়েছে। সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ের হারারেতে পৌঁছাবে দল। তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে থাকা সাকিব আল হাসান আমেরিকা থেকে জিম্বাবুয়েতে যাবেন ৩ জুলাই।

করোনাকালীন কোনো সফরে বাড়তি বিড়ম্বনা হয়ে দাঁড়ায় কোয়ারেন্টাইন। তবে জিম্বাবুয়ে সফরে কোনও কোয়ারেন্টাইন পালন করতে হবে না বাংলাদেশ দলকে। পৌঁছানোর পরের দিন থেকেই অনুশীলনের সুযোগ পাবেন মুমিনুল-তামিমরা। প্রত্যেককে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। এজন্য রবিবার (২৭ জুন) বিসিবিতে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটাররা।

৭ জুলাই দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading