জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত: নৌ প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ২৩:১০
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে খাদ্য বিতরণ ও ঔষধ সামগ্রী পৌঁছে দেয়ার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উদ্ভাবনী কাজে বিশেষ অবদানের জন্য মন্ত্রণালয় ও সংস্থার ছয়জন কর্মকর্তার মাঝে ‘উদ্ভাবক পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
করোনা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশংসা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনাকালে খাদ্য ও ঔষধ বিতরণ কার্যক্রম সহজ হয়েছে। ইউএনও, ডিসিরা মানুষের দ্বারে দ্বারে গেছেন। মানুষ আরো সাহসী হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উদ্ভাবনী পদক্ষেপ সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী চিন্তা শক্তির কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। এর মূল উদ্ভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন, যা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
তিনি বলেন, উদ্ভাবনী চিন্তা-ভাবনা একটি শক্তি। এ শক্তির প্রয়োজন আছে। এ শক্তি সঞ্চয় করতে পারলে উন্নয়ন আরো গতিশীল হবে।
করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভুমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ঘায়েল করে ফেলেছিল। উন্নত বিশ্ব এবং ইউরোপের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা করোনা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছিল। করোনা পরিস্থিতিতে ব্যাপক ভীতি তৈরি হয়েছিল। সে ভীতিটা দূর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলেছেন।
খালিদ মাহমুদ করোনা মোকাবেলা নিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে প্রতিটি জেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছেন, তাদেরকে সাহসী করে তুলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় আমাদের সাহস দেন, পথ দেখান। তাঁর এ সাহস আমাদের পথ চলায় পাথেয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে সম্মিলিতভাবে কাজ করছে, অগ্রযাত্রা থমকে যায়নি।

