পুঁজিবাজারসংশ্লিষ্টদের জন্য মুভমেন্ট পাস দিয়েছে বিএসইসি
উত্তরদক্ষিণ| বুধবার, ৩০ জুন ২০২১| আপডেট ২২:০০
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করছে সরকার। বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকলে যে পুঁজিবাজারও খোলা থাকবে তা আগেই জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।
এমন অবস্থায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের চলাচলকে সহজ করতে এক ধরনের ‘মুভমেন্ট পাস’ ইস্যু করেছে বিএসইসি। এই পাস দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারিরা লকডাউনকালীন সময়ে চলাফেরা করতে পারবেন। এই বিএসইসির ইস্যু করা প্রত্যায়নপত্রকে মুভমেন্ট পাস হিসেবে বিবেচনা করে সহায়তা করার জন্য বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সাথে আলোচনা করেছেন। আইজিপি এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
জানা যায়, সব কর্মকর্তার জন্য ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়নি। যারা লেনদেন পরিচালনার জন্য অত্যাবশ্যক, শুধু তাদের জন্যই এটি ইস্যু করা হয়েছে।

