জেলেদের জন্য ৯ হাজার ৪৭৪ মেট্রিক টন চাল বরাদ্দ

জেলেদের জন্য ৯ হাজার ৪৭৪ মেট্রিক টন চাল বরাদ্দ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১২:২৫

জেলেদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের জন্য ৯ হাজার ৪৭৪ দশমিক ৬২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৎস্য আহরণ নিষিদ্ধকালে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেরা এ চাউল পাবে।

বুধবার (১৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত পৃথক দুটি মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জানা গেছে, দেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধকালে উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর মাছ ধরা থেকে বিরত ২ লাখ ৯৯ হাজার ১৩৫টি জেলে পরিবারের জন্য ৮ হাজার ৯৭৪ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে পরিবার প্রতি মাসিক ৪০ কেজি হারে ২৩ দিনের (০১-২৩ জুলাই ২০২১) জন্য ৩০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে গত মে মাসে পরিবার প্রতি মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের (২০ মে-৩০ জুন ২০২১) জন্য মোট ৫৬ কেজি চাল এ খাতে বিতরণ করা হয়।

সূত্র জানায়, কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালে হ্রদ তীরবর্তী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলায় মাছ ধরা থেকে বিরত থাকা ২৫ হাজার ৩১টি জেলে পরিবারের জন্য ৫০০ দশমিক ৬২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে পরিবার প্রতি মাসিক ২০ কেজি হারে ১ মাসের (জুলাই ২০২১) জন্য ২০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে প্রথম ধাপে পরিবার প্রতি মাসিক ২০ কেজি হারে ২ মাসের (মে-জুন ২০২১) জন্য ৪০ কেজি চাল এ খাতে বিতরণ করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading